বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন চেলসির সাবেক কোচ হোসে মরিনহো। গুঞ্জন ছিল, চলতি মৌসুমের শেষেই লুইস ফন গালের স্থলাভিষিক্ত হবেন তিনি। মরিনহোর বেকার জীবন এবং ওল্ড ট্র্যাফোর্ডে ফন গালের ধারাবাহিক ব্যর্থতার কারণেই তাদেরকে ঘিরে গুঞ্জন গুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু রবিবার মরিনহো জানালেন এমন কোনো চুক্তি করেননি তিনি।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেশাল ওয়ান বলেন, 'ফন গাল আমার বন্ধু। আমি তার সঙ্গে বেশ কিছু বছর কাজও করেছি। তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন কিছু আমি করবো না। আমি কাজ ছাড়া কখনো থাকিনি। সামনের গ্রীষ্মেই আবারো কাজে যোগ দেব। কিন্তু কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হইনি।'
পর্তুগিজ এ কোচ আরো বলেন, 'যেকোনো ক্লাবেই যোগ দিতে পারি। অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগকেই প্রাধান্য দেব। আমি ইংল্যান্ড দেশটা এবং দেশের ফুটবলকে ভালোবাসি। আমার পরিবারও এখানে বেশ আছে। কোনো দেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করারও ইচ্ছা আছে।’