লা লিগায় রোনালদোর অনন্য অর্জন

লা লিগার শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলে আরেকটি লড়াই। মেসি ও রোনালদোর রেকর্ড ভাঙা-গড়ার উৎসব চলতে থাকে সবসময়ই। লিগে নাটকীয় মোড় নেয়ার দিনে অনন্য এক অর্জন পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
 
স্পেনের শীর্ষ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৩০ বা তার বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। শনিবার লিগের ৩২তম রাউন্ডে এইবারকে ৪-০ গোলে হারানোর ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
 
এরই সঙ্গে ইউরোপের লিগগুলোর এ বছরের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার দৌড়ে নাপোলির গনসালো হিগুয়াইন ও বেনফিকার জোনাস অলিভেইরার সঙ্গে শীর্ষে উঠলেন। এ মৌসুমে লিগে তারা সবাই ৩০টি করে গোল করেছেন।
 
২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসার পর প্রথম মৌসুমে লিগে ২৬টি গোল করেছিলেন রোনালদো। এরপর সব প্রতিযোগিতা মিলে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পথে ধারাবাহিকভাবে প্রতি মৌসুমেই ৩০টির বেশি গোল করেন তিনি।
 
লিগে ২০১০-১১ মৌসুমে ৪১ গোল করার পরের মৌসুমে ৪৬ গোল করেন। পরের দুই মৌসুমে গোলসংখ্যা কিছুটা কম ছিল; ১২-১৩ মৌসুমে ৩৪টি ও ১৩-১৪ মৌসুমে ৩১টি। গত মৌসুমে আবারও নিজেকে ছাড়িয়ে যান রোনালদো, লিগে সর্বোচ্চ ৪৮টি গোল করেন তিনবারের বর্ষসেরা এই তারকা।
 
এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৩০ গোল করা রোনালদোর পেছনে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকারের গোল ২৬টি।