রাজধানীতে ট্রেনের কাটা পড়ে শিশুসহ দুজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও কুনিপাড়া ও মগবাজারে রেললাইনে দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছেন। নিহতরা হলেন- জহিরুল ইসলাম জয় (৮) ও মো. আজহার (৪৩)।
 
রোববার বিকালে তেজগাঁও কুনিপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় জয় গুরুতর আহত হয় বলে ঢাকা রেলওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
 
জয়ের বাবা দাউদ নবী হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকেল জয় ও তার পাঁচ বছর বয়সী ছোট ভাই জিহাদ কুনিপাড়া রেল স্টেশন কোয়ার্টারের বাসা থেকে কাছের দোকানে মুড়ি কিনতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
 
এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে মারা যান হলিফ্যামিলি হাসপাতালের স্টোর অফিসার মো. আজহার। জিআরপির এসআই সিরাজুল বলেন, মগবাজারের পেয়ারাবাগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন আজহার।
 
শনিবার রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে দুজন মারা যান।শনিবার সকাল সোয়া ৮টার বনানী লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।