শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় মিরপুর রুটে বাস চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার দুপুর ১টার দিকে মিরপুর রুটে বাস চালুর দাবিতে ট্রান্সপোর্ট ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। পরে শিক্ষক-কর্মচারীদের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-কর্মচারীরা।
পরে জাবি পরিবহনের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. এমদাদুল হক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এসে বাস ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভকারী শিক্ষার্থীদের অনুরোধ করেন। এতে তারা রাজি না হয়ে দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যায় ও বাস চলাচল বন্ধ রাখে।
পরে প্রো-ভিসি অধ্যাপক মো.আবুল হোসেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কাল সোমবার সকাল ৭টায় মিরপুর থেকে ক্যাম্পাস ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে মিরপুর বাস চালুর অনুমতি দেন। এই আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়। এর আগে ৬ এপ্রিল একই দাবিতে ভিসি রবাবর স্মারকলিপি দিয়েছিলেন ছাত্র ইউনিয়ন।