স্বাধীনতা কাপে আরামবাগ-ফেনী ম্যাচ ড্র

কেএফসি স্বাধীনতা কাপে ফেনী সকার ও আরামবাগের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটির ৫৮তম মিনিটে এগিয়ে যায় আরামবাগ। দলটির খেলোয়াড় আবদুল্লাহ মাঝমাঠের একটু সামনে থেকে বল নিয়ে দ্রুত আক্রমণে উঠে যান। গোল পোস্টের বেশ খানিকটা দূর থেকে এই মিডফিল্ডারের জোরালো শটে দারুণ এক গোল পায় আরামবাগ।
 
৬৪তম মিনিটে বদলি মিডফিল্ডার ইকবাল হোসেন ভুঁইয়ার গোলে সমতায় ফেরে ফেনী সকার ক্লাব। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে থেকে এই গোলটি করেন তিনি। এরপর বাকি সময় আর কোনো গোল না পেলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
 
চলতি আসরে তিন ম্যাচ খেলে এই নিয়ে দ্বিতীয় খেলায় ড্র করলো ফেনী সকার। আর প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে এই ড্রয়ে প্রথম পয়েন্ট পেল আরামবাগ।