বিকাশমান স্মার্টফোনের বাজারে এক সময় শীর্ষে ছিলো স্যামসাং। এখন আর সেই অবস্থান নেই দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির। তবে পুরনো আসন পুনরুদ্ধারে এবার তোড়জোড় শুরু করেছে এই হ্যান্ডসেট জায়ান্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্বল্প বাজেটে হাই-এন্ড ফিচার হ্যান্ডসেট উন্মোচনের নীতি নিয়ে আগাচ্ছে সংশ্লিষ্টরা।
বর্তমানে চীন, ভারত, তাইওয়ান, ইন্দেনেশিয়ার মতো বিকাশমান স্মার্টফোনের বাজারে জমজমাট ব্যবসা করছে এইচটিসি, হুয়াওয়ে, শাওমি, লেনোভোর মতো মোবাইল ডিভাইস নির্মাতারা। প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজেদের জায়গাটা করে নিয়েছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে প্রতিষ্ঠানগুলো। আর এ কারণে বাজার আধিপত্যে ফিরতে মরিয়া স্যামসাং এবার স্বল্প বাজেটে হাই-এন্ড ফিচার হ্যান্ডসেট উন্মোচনের নীতি বেছে নিয়েছে।
সম্প্রতি এইচটিসি, হুয়াওয়ে, শাওমি, লেনোভোর মতো প্রতিষ্ঠানগুলোর সাথে পাল্লা দিয়ে সাশ্রয়ী ডিভাইস আনতে শুরু করেছে স্যামসাং। এরই মধ্যে নতুন সংস্করণে জে সিরিজের বেশ কিছু স্মার্টফোন বাজারেও ছেড়েছে তারা। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরও স্মার্টফোনের বাজারে মূল্যযুদ্ধ তুঙ্গে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তবে বাজেট সাশ্রয়ী ফোন আনার কারণে স্যামসাংয়ের আয় যে কমবে তা আর বলার অপেক্ষা রাখে না।