লোহিত সাগরের দ্বীপ সৌদিকে ছেড়ে দিচ্ছে মিসর

লোহিত সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি দ্বীপ সৌদি আরবের হাতে ছেড়ে দিচ্ছে মিসর। কায়রো জানিয়েছে, তিরান ও সানাফারি দ্বীপ দুটি সৌদি জলসীমায় অবস্থিত হওয়ায় তা রিয়াদকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
তবে সরকারের সমালোচকরা গুরুত্বপূর্ণ দ্বীপ দুটি সৌদি আরবের কাছে হস্তান্তর করার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। মিসরের মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, দুই দেশের সমুদ্র সীমা বিশ্লেষণ করে দেখা গেছে তিরান ও সানাফারি সৌদি জলসীমার ভেতরে অবস্থিত।
 
সৌদি বাদশাহ সালমান মিসর সফরে যাওয়ার পর এই ঘোষণা দেয়া হল। পাঁচ দিনের সফরে এখন উত্তর আফ্রিকার দেশটিতে অবস্থান করছেন সৌদি বাদশাহ।
 
রবিবার মিসরের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন বাদশাহ সালমান। পার্লামেন্ট সদস্যরা তাকে ব্যাপক করতালির মাধ্যমে স্বাগত জানান।
 
উল্লেখ্য, ২০১৩ সালে মিসরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন দিয়েছিল সৌরি আরব। সূত্র: আল জাজিরা