চুরির দায়ে নুরুল আমিন নামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে এক বছর কারাদণ্ড দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন বিমানের কার্গো হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সন্ধ্যা ছয়টায় হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন এই রায় দেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের কার্গো আমদানি বিল্ডিং গ্রিনচ্যানেলের গেট থেকে ২০ পিস মোবাইল ভর্তি একটি কার্টন নিয়ে ছাদে চলে যান কার্গো হেল্পার নুরুল আমিন। ছাদে মোবাইলের কার্টন খোলার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বিমানের সিকিউরিটি সুপারভাইজার আবু সাইদ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিমানবন্দরের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, ‘বিমানের সিকিউরিটি কর্মকর্তা-কর্মচারীদের কাজই হলো এসব মালামালের নিরাপত্তা বিধান করা। যদিও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও বিমানের নিররাপত্তাকর্মীরা কোনও অপরাধই ধরতে পারেননি। এই প্রথম বিমান সিকিউরিটি সেকশন চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে।’