মঙ্গলবার এএফসি কাপে মাঠে নামছে শেখ জামাল

এএফসি কাপে নিজেদের চতুর্থ ম্যাচে মালয়েশিয়ার দল সেলাঙ্গর এফএর ম্যাচ খেলতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার  মালয়েশিয়ায় 'ই' গ্রুপে এই ম্যাচ খেলতে নামবে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
 
বাছাইপর্বের সেরা হয়ে মূল পর্বে জায়গা করে নিলেও টুর্নামেন্টে এখনো জয়হীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে জয়ের বিকল্প নেই দলটির। তবে সেলাঙ্গরের বিপক্ষে সর্বশেষ দেখায় ৪-৩ গোলে হারার স্মৃতি আছেই; সঙ্গে গত মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচের পর অনেকটাই এলোমেলো এখনকার শেখ জামাল দলটি।
 
স্বাধীনতা কাপে সর্বশেষ ম্যাচে ভালো না খেললেও জামালের চিন্তার মূল কারণ খেলোয়াড় সঙ্কট। ক্লাব বদল ঝামেলায় আট ফুটবলারের ফিরে পাওয়ার সিদ্ধান্তটি আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকায় দল সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কোচ মানিককে। মাত্র ১৪ জনের দল নিয়ে মালয়েশিয়া গেছেন তিনি। যাতে আবার দুজন গোলরক্ষক। দলের একাধিক খেলোয়াড় চোট পড়লে তাই গোলরক্ষককেই খেলোয়াড় হিসেবে মাঠে নামাতে হবে কোচের।