মারা গেল বিশ্বের ‘সবচেয়ে লম্বা’ অজগর

মালয়েশিয়ায় ধরা পড়া বিশ্বের ‘সবচেয়ে লম্বা অজগর’ বলে কথিত সাপটি মারা গেছে। সোমবার পেনাং দ্বীপে একটি নির্মাণাধীন ভবনের কাছে অজগরটিকে ধরা হয়েছিল।

প্রায় ২৫-ফুট (আট মিটার) লম্বা সাপটিকে প্রথম দেখা যায় ভেঙে পড়া এক গাছের নিচে। পেনাং-এর সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা হার্মে হেরিসিয়ান জানিয়েছেন, মৃত্যুর আগে সাপটি ডিম ছেড়েছিল বলে শোনা যাচ্ছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বিশ্বে সবচেয়ে লম্বা সাপের রেকর্ড হচ্ছে ২৫ ফুট।

তবে মালয়েশিয়ার সাপটিকে এখনো আনুষ্ঠানিকভাবে মেপে দেখা হয়নি। হেরিসিয়ান বলেন, এই সাপটির ওজন ২৫০ কেজি এবং এটিকে বাগে আনতে ৩০ মিনিট সময় লেগেছিল। বিবিসি।