‘ভারতের বিপক্ষে হারের রাতে কেউ রাতের খাবার খাইনি’

ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ রানের পরাজয়ের দুঃখটা সমর্থকদের জন্য অনেক ভারী ছিল। তাহলে বোঝা যায় খেলোয়াড়দের জন্য আরো কত বেশি দুঃখজনক ছিল ঘটনাটি।

 

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, ২৩ মার্চ বেঙ্গালুরুতে ১ রানের ওই হারের রাতে দলের কেউ রাতের খাবার খায়নি।
 

 

টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা পরিবার সহ বেড়াতে গেছেন কাশ্মীর। মাশরাফির সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী, দুই সন্তান, বাবা-মা, ছোট ভাই, কাছের এক বন্ধু ও বাসার গৃহকর্মী। রবিবার কাশ্মীরের সোনামার্গে ছিলেন তিনি। সেখানে তিনি কিছু তরুণের সঙ্গে ক্রিকেট খেলেন। জানা গেছে কুলানের কাছে একটি ক্রিকেট মাঠের পাশ দিয়ে যাওয়ার সময়ে মাশরাফি গাড়ি থামিয়ে সেখানে ক্রিকেট খেলতে থাকা কিছু তরুণের সঙ্গে কথা বলেন।

ওই তরুণরা ভারতের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় পরাজয়ের বিষয়েও জিজ্ঞাসা করে। শেষ ওভারে ৩ বলে দুই রান করতে না পারারে আক্ষেপের কথা মনে করে মাশরাফি তাদের বলেছেন, হার খেলার একটি অংশ এবং আমরা কখনো ম্যাচটি হারতে চাইনি। পরাজয়ের পরে আমরা অনেক ভেঙ্গে পড়েছিলাম। আমরা ক্রিকেটাররা কেউ ওইদিন রাতের খাবার খাইনি।

 

কাশ্মীরের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, খেলোয়াড়রা বাংলাদেশ দলপতিকে পেয়ে খুশি। এমনকি তরুণদের কিছু টিপসও দিয়েছেন মাশরাফি।