সমর্থকদের ‘জাদুকরী’ রাতের আশ্বাস রোনালদোর

আজ ‘যুদ্ধে’ নামছে রিয়াল

ক্রিশ্চিয়ানো রোনালদো সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উলফসবুর্গের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও আজ মঙ্গলবার নিজ মাঠে তারা সাফল্য পেতে আত্মবিশ্বাসী।

বাংলাদেশ সময় রাত পৌঁনে একটায় শুরু হতে যাওয়া রিয়াল মাদ্রিদ ও উলফসবুর্গের খেলাটির প্রাক্কালে রিয়াল ডিফেন্ডার ড্যানি কারভাজাল এটিকে ‘যুদ্ধ’ বলে বিপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোলের সুবাদে শীর্ষ গোলদাতা রোনালদো বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এবং মাঠে আমরা সব কিছু উজাড় করে দেব। উলফসবুর্গের বিপক্ষে বার্নাব্যুতে ফিরতি লেগের প্রাক্কালে তিনি সমর্থকদের রিয়াল মাদ্রিদ টিভি ও ক্লাবটির ওয়েবসাইটের মাধ্যমে এ কথা বলেন।

রিয়াল বর্তমানে স্পানিশ লিগে তৃতীয় স্থানে আছে এবং সর্বশেষ এইবার এর বিরুদ্ধে ৪-০ গোলে মানসিক দিক থেকে খেলোয়াড়রাও অনেক চাঙ্গা আছে। তাছাড়া শনিবারের এই জয়ের বিপরীতে বার্সেলোনার সাথে তাদের ব্যবধান কমে এসেছে চার পয়েন্টে। সে তুলনায় জার্মান দলটি সেদেশের লিগে আছে অস্টম স্থানে এবং সর্বশেষ খেলায় তারা বিপক্ষের সাথে ১-১ গোলে ড্রয়ে বাধ্য হয়।

দশবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের আছে মহাদেশীয় এ প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর ইতিহাস। তাও আবার বার্নাব্যুতেই। সেটা অবশ্য ১৯৭৫ সালের ঘটনা যখন তারা ডার্বি কাউন্টির কাছে ইউরোপীয়ান কাপে ১-৪ গোলে হেরে আসার পর ফিরতি লেগে নিজেদের মাঠে ৫-১ গোলে জিতেছিল। এছাড়াও ১৯৮৫ সালে উয়েফা কাপে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হারের পরও ৩-০ ব্যবধানে ফিরতি লেগ জিতে ফাইনালে উঠেছিল।

এছাড়াও মাদ্রিদের দলটি ফিরতি লেগে সেল্টিক, অ্যান্ডারলেখট, রেড স্টার বেলগ্রেড ও বরুশিয়া মনশেলগ্লেডবাখ এর সাথে জিতেছিল। কিন্তু সেসব দূর অতীতের বিষয়। তাদের এমন কৃতিত্বের সর্বশেষ নজিরটিও ২০০২ সালের, যেবার তারা শিরোপা জয়ের পথে বায়ার্ন মিউনিখকে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে হারিয়েছিল বার্নাব্যুতে। এরপর থেকে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আটবার প্রথম লেগে হেরেছে এবং প্রতিবারই সামনে যেতে ব্যর্থ হয়েছিল।

এত কিছুর পরও রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস অটুট। তাই রোনালদো বলতে পারেন, ‘মঙ্গলবার হবে যথার্থ এক রাত, এটা হবে জাদুকরী। আপনাদের সমর্থনে আমরা খেলোয়াড়রা মাঠে সব কিছু উজাড় করে দেব এবং আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছে যাব।’

রিয়াল মাদ্রিদকে শেষ চারে উঠতে হলে এ ম্যাচে তিন গোলের ব্যবধানে জিততে হবে। কেননা গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলে পরাজিত হয়েছিল স্পানিশ জায়ান্টরা। এরকম অঘটনের পরও ইউরোপ সেরার লড়াইয়ে টানা ষষ্ঠবারের মতো শেষ চারে উঠতে আত্মবিশ্বাসী রোনালদো।

কঠিন এ লড়াইয়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে পর্তুগিজ স্ট্রাইকারটি বলেন, ‘আমরা মাঠের ১১ জন, বেঞ্চে থাকা আরো খেলোয়াড় এবং দলকে সমর্থন জানিয়ে মাঠে আসা ৮০ হাজার দর্শককে নিয়ে ভালো খেলে জিততে পারি। কেননা এসবই আমাদের দুর্দান্তভাবে উজ্জীবিত করবে। আমি আশা করি সব মিলিয়ে এটা হবে জাদুকরী রাত এবং এ জন্য আমি শিহরিত। পুরো দল এ জন্য আত্মবিশ্বাসী, কোচেরও আস্থা আছে। সমর্থকদেরও অবশ্যই আস্থা থাকবে।’

তিনি আরো বলেন, ‘উতরে যাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য। এটাই একমাত্র বিষয় যা খেলোয়াড় ও দর্শকদের আনন্দের সাথে স্টেডিয়াম ছাড়তে সাহায্য করবে।’

এদিকে ড্যানি বলেছেন, ‘৮০ হাজার দর্শক নিয়ে পরিস্থিতি হবে যুদ্ধের মতো। আমরা উলফবুর্গকে সর্বাত্মকভাবে মোকাবেলা করবো।’ অপরদিকে উইঙ্গার লুকাস ভাজকোয়েজ বলেন,র ‘আমরা মৃত্যু পর্যন্ত লড়বো এবং ৮০ হাজার আত্মা আমাদেরকে এ কাজে প্রেরণা দেবে।’