ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের উৎসব বিকেল পাঁচটার পরে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। যদিও জননিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখের দিন বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করতে দেয়া হবে বলে বারবার সতর্ক করেছে ডিএমপি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘আমরা অবশ্যই সারাক্ষণ, সর্বক্ষণ আমাদের পহেলা বৈশাখের আচার-অনুষ্ঠান-উৎসব চালিয়ে যাব এবং সরকার আইনগত ও সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে।’পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নারী নিরাপত্তা জোট এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘রাষ্ট্রে নারীর সুরক্ষা দেয়ার যে অঙ্গীকার রয়েছে তা না করে একটি মহল যারা উৎসবে আসে তাদের দোষ ধরে সার্বজনীন পহেলা বৈশাখের যে উৎসবের মনোভাব সেটা গুরুত্বহীন করে দিচ্ছে।’
বিকাল পাঁচটার মধ্যে সকলকে ঘরে ফিরে যেতে হবে বলে যে নির্দেশনা দেয়া হয়েছে তাকে ‘মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন’ বলে মন্তব্য করেন তিনি।