রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চার লাখ টাকা ছিনতাই

 
রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।বেলা দেড়টার দিকে এলিফ্যান্ট রোড প্রাইম ব্যাংক শাখার নিচে এ ঘটনা ঘটে। 
 
ছিনতাইয়ের শিকার পারভেজ রানা (২৫) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি দাবি করেন, দুপুরে তাঁর বড় ভাই উজ্জ্বল হোসেন তাঁকে চার লাখ টাকার একটি চেক ভাঙানোর জন্য দেন। তিনি এলিফ্যান্ট রোড প্রাইম ব্যাংক শাখা থেকে চেক ভাঙিয়ে টাকা নিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে সাদাপোশাকের দুজন ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে বলেন, তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। তাঁরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তোলেন। এরপর তাঁর হাত-পা বেঁধে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেন। পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে আগারগাঁওয়ে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে চলে যায়। এ সময় তিনি চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তাঁর মামা রোকনকে খবর দেন। ঘটনাস্থলে রোকন গিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
 
পারভেজ রানার বড় ভাই উজ্জ্বল অডিট ভবনের এমএলএসএস পদে চাকরি করেন। তিনি বলেন, আগে তিনি ব্যবসা করতেন। অংশীদারের কাছে সেই ব্যবসার শেয়ার বিক্রি করে তিনি চার লাখ টাকার চেকটি পেয়েছিলেন।