রাজধানীতে সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মীর নাম হাসনা আক্তার (১৮)। সোমবার রাত ১০টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ২২৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
হাসনা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টোগ্রাম উপজেলার সারিয়ানগর গ্রামের রোকন মিয়ার মেয়ে। তিনি নিউ এলিফ্যান্ট রোডের বি/৭৫ নম্বর বাসায় হারুন অর রশীদের বাড়িতে কাজ করতেন।
গৃহকর্তা হারুন অর রশীদ বলেন, হাসনা আক্তারের পাশের বাসার কাজের মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেই সুবাধে ওই বাসায় আসা যাওয়া করতেন হাসনা। গত সোমবার রাত ১০টার দিকে হাসনা ও ওই বাসার কাজের মেয়ে ছাদে গিয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাত্ হাসনা ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে তিনি নিজে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। চিকিত্সাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে মারা যায় হাসনা। কি কারণে হাসনা আত্মহত্যা করেছেন তা তাত্ক্ষণিক জানাতে পারেননি তিনি।
তবে পুলিশের ধারনা হাসনা ওই বাসা থেকে ছাদ দিয়ে পালাতে গিয়ে পড়ে মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।