এএফসি কাপে আবারো পরাজয় বরণ করলো বাংলাদেশে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেষ মুহূর্তের গোলে এএফসি কাপের মূল পর্বে সেলানগোর এফএর কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
টুর্নামেন্টে এ নিয়ে টানা চার ম্যাচ হারল শেখ জামাল। গত মার্চে নিজেদের মাটিতে সেলানগোরের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে এএফসি কাপের মূল পর্বে দ্বিতীয় জয় পেলো সেলানগোর।
মালয়েশিয়ার সেলায়াং মিউনিসিপাল কাউন্সিল স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ১৭ মিনিটে সতীর্থের আড়াআড়ি পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করে সেলানগোরকে এগিয়ে নেন ফরোয়ার্ড আহমেদ বিন বাকরি।
মামুনুল ইসলামসহ আট নির্ভরযোগ্য ফুটবলারকে ছাড়া মালয়েশিয়ায় খেলতে যাওয়া শেখ জামাল ঘুরে দাঁড়ায় ৩৫তম মিনিটে। গাম্বিয়ার ফরোয়ার্ড ডারবো ল্যান্ডিং ফিরতি বলে নেওয়া গতিময় শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন।
৫৮তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। জামাল ভূইয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিক দলের মিডফিল্ডার হাফিজ কামাল। প্রতিপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন জামালও। একটু পরই বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন দলের তপু বর্মনের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
দ্বিতীয়ার্ধের ২৫তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় শেখ জামালও। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ইয়াসিন খান। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে মানিকের শিষ্যরা।
দশ জনের দলে নেমে যাওয়া শেখ জামালের রক্ষণে চাপ তৈরি করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সেলানগোর। কিন্তু দলটির ফরোয়ার্ড প্যাটট্রিক উইল গোলরক্ষককে একা পেয়েও দূরের পোস্টের বাইরে দিয়ে মারেন।
যোগ করা সময়ে শেখ জামালের রক্ষণে আক্রমণের ঝড় বইয়ে দিলেও ব্যবধান বাড়াতে পারেনি সেলানগোর। পোস্টে লেগেও প্রতিহত হয় স্বাগতিকদের গোলের সুযোগ।