দেশের ক্রীড়ামোদীদের মুখে হাসি ফুটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকেই দুই উইকেট নিয়ে নিজের সুনাম অক্ষুণ্ন রেখেছেন পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত বোলারটি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতকাল মঙ্গলবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেই চার ওভারে ২৬ রানে দুই উইকেট নেন। এরপরও অবশ্য তার দল ৪৫ রানে হেরেছে খেলাটিতে।
মুস্তাফিজ গত রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসজয়ী হায়দরাবাদের হয়ে তৃৃতীয় ওভারেই বল পান। প্রথম বলেই তাকে মোকাবেলা করতে হয় বিরাট কোহলিকে। তবে ভারতের সাড়া জাগানো ব্যাটসম্যানটি কাটার মাস্টারটিকে সমীহ করেই খেলেন। মুস্তাফিজ গতকালই কলকাতার এক পত্রিকাকে বলেছিলেন ‘কোহলি দাদার’ও তাকে খেলতে সমস্যা হয়।
সে কথার কিছুটা সত্যতা মেলে কোহলি যখন বাংলাদেশের পেসারটি প্রথম ওভারে পাঁচ বল খেলে তিন রানের বেশি তুলতে পারেননি। এই ওভারটিতে চার রান দেন মুস্তাফিজ। এরপর ষষ্ঠ ওভারে এসে ছয় রান দেন মুস্তাফিজ। এই ওভারে কোহলি অবশ্য তার চার বলে একটি বাউন্ডারিসহ পাঁচ রান নেন। সব মিলিয়ে প্রথম স্পেলে দুই ওভারে ১০ রান দেন মুস্তাফিজ। পরে ১৮তম ওভারে এসে দ্বিতীয় বলে বেঙ্গালুরুর সফল ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স (৮২) ও পরের বলেই শেন ওয়াটসনকে (১৯) আউট করে দেন তিনি। শেষ ওভারে একটি ছয় ও চার গুণতে হলেও সব মিলিয়ে চার ওভারে দেন ২৬ রান।
কিন্তু অন্য বোলাররা ব্যাটসম্যানদের রুখতে না পারায় ২০ ওভারে চার উইকেটে ২২৭ রান তোলে কোহলির দল। জবাবে হায়দরাবাদ ছয় উইকেটে ১৮২ রান তুলে থেমে যায়।