যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের নিরাপত্তায় বিড়াল!

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের ইঁদুরের হাত থেকে নিরাপত্তা দিতে কর্তৃপক্ষ একটি বিড়াল ভাড়া করেছে। সামপ্রতিক কালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই বিড়ালটি সংগ্রহ করেছে। 
 
বেওয়ারিশ এই বিড়ালটিকে   পাওয়া গিয়েছিল লন্ডনের রাস্তায়। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের প্রখ্যাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই লর্ড প্যামারস্টনের নামে বিড়ালটির নামকরণ করা হয়েছে। আজ বুধবার বিড়ালটি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
 
কর্তৃপক্ষ বলছে, বিড়ালটি বেশ আত্মবিশ্বাসী এবং তার গায়ে বেশ জোরও আছে। কর্মকর্তারা আশা করছেন, প্যামারস্টন খুব সহজেই পররাষ্ট্র দপ্তরের ভবন থেকে শত্রুনাশ করতে পারবে। তার আছে ঈগলের মতো তীক্ষ্ম চোখ। কোনো ইঁদুরই তাকে ফাঁকি দিতে পারবে না। বিবিসি