স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এবারে না পারলেও সামনের শুকনো মৌসুমে ঢাকায় পানির সমস্যা থাকবে না। আরেক বছর সময় পেলে ঢাকার জলাবদ্ধতাও একেবারে দূর করা হবে।’
বুধবার আসন্ন বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা নিরসনে এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে পানি নিয়ে বিপর্যয়ের মুখে আছেন। ঢাকার বিভিন্ন এলাকায় পানির জোগান দিতে পারছেন না। বিভিন্ন এলাকায় থেকে আবার ময়লা পানি সরবরাহের অভিযোগ আসছে। পানির অভাব আছে। শুকনো মৌসুমে এ অভাব দেখা যায়। বর্ষায় আবার অতিরিক্ত পানি। এ সমস্যা চলতে দেয়া যায় না। আগামী বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য কতগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতবারের মতো যাতে জলাবদ্ধতা দেখতে না হয়, এ জন্য ৩০ মের পর থেকে প্রস্তুত থাকতে হবে। এক বছর সময় পেলে ঢাকার জলাবদ্ধতা দূর করা হবে। সামনের বছর ইনশা আল্লাহ ঢাকায় জলাবদ্ধতা থাকবে না।