মেহেরপুরের গাংনীর শিশিরপাড়া গ্রামে একটি বিয়েকে কেন্দ্র করে সালিস বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছেন। উভয়পক্ষের গুরুতর আহতরা হলেন-গাংনী পৌর এলাকায় শিশিরপাড়া গ্রামের আজিজুল হক (৬০) ও তার ছেলে জামাল উদ্দীন (৪০),ওই গ্রামের মিজানুর রহমান (৪০),আব্দুল হক (৫৭) তার জামাতা আসাদুল হক (৪৫),মেয়ে দেলোয়ারা খাতুন (৩৫) ও বানোয়ারা খাতুন (৩২)। আহতদের মধ্যে আসাদুল হককে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
গতকাল বুধবার সকালে গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশিরপাড়া গ্রামের আজিজুল হকের জামাতা প্রতিবেশী আব্দুল হকের ছেলে আমিরুল ইসলাম। সম্প্রতি আমিরুল দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে কয়েকদিন আগে গ্রামে একটি সালিস বৈঠকের আয়োজন করা ঞয়। বৈঠকে মাতব্বররা আমিরুলকে দুই স্ত্রী নিয়ে সংসার করার ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করেন। এতে ক্ষুদ্ধ হয়ে আব্দুল হক স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমানের কাছে অভিযোগ জানান।
সে অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে কাউন্সিলর মিজানুর রহমান গতকাল বুধবার সকালে গ্রামে একটি সালিস বৈঠকের আয়োজন করে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সংবাদ পাঠানোর সময় উভয়পক্ষের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছিল।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সংঘর্ষের কথা শোনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।