'তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক' পহেলা বৈশাখের এই মন্ত্র ঠিক কাজে লাগেনি রাজধানীর ট্রাফিক বিভাগে। বছরের প্রথম দিনও ছিল তীব্র যানজট।
নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয়েছে শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বেশ কিছু সড়ক। ফলে নির্দিষ্ট কিছু সড়ক দিয়ে অধিক যানবাহন যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট।
রাজধানীর পল্টন মোড় থেকে প্রেসক্লাব ও মৎসভবন হয়ে শাহবাগের রাস্তা বন্ধ থাকায় ফার্মগেট ও উত্তরা মিরপুরগামী বাস এবং মালিবাগ, মৌচাক, রামপুরা ও বাড্ডা হয়ে গাজীপুর গামীবাস একই রুট দিয়ে যাতায়াত করছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রাজধানীর কাকরাইল মোড় থেকে পল্টন মোড় ও মালিকবাগ মোড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, এবার ঢাকার ৭০টি স্থানে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হয়েছে। বাংলা বর্ষবরণের নানা আয়োজন রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলেও এবার সারা ঢাকায় থাকছে নজরদারি। যেসব স্থানে অনুষ্ঠান আয়োজনে ডিএমপি অনুমোদন দিয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে কারণে বেশ কিছু রাস্তা বন্ধ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।