পারিবারিক কলহের জেরে গাজীপুরে নিজের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজিব (৩০) ওই এলাকায় খলিলুর রহমানের ছেলে। জয়দেবপুর থানার এসআই আজিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খলিলুর রহমান ধারালো ছুরি দিয়ে রাজিবের বুকে আঘাত করেন। স্বজনরা দ্রুত রাজিবকে গাজীপুরের বোর্ডবাজারে একটি হাসপাতালে নিয়ে যান।
এসআই আজিজুর আরো জানান, সেখান থেকে ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে খলিলুর রহমান পলাতক রয়েছেন বলে জানান এসআই আজিজুর।