পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সুমি (১২) নামে ষষ্ঠ এক শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তার বাড়ি জেলা শহরের ধাক্কামারা ডিস্টিলারিজ এলাকায়। সে ওই এলাকার সহিদুল ইসলামের কন্যা। সে ড. আবেদা হাফিজ গালর্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমি সকালে শহরের নিমনগর এলাকায় বসবাসরত বোন নার্গিস বেগমের বাসায় যায়। পহেলা বৈশাখ উপলক্ষে মুখে ও কাপড়ে রং লাগায় দুপুরে বোনের বাসার পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে সে ফিরে না আসায় তার আত্মীয় স্বজনরা তাকে নদীতে খুঁজতে যায়। সেখানে তার কাপড় পাওয়া গেলেও তাকে দেখতে না পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মোমিন নদী থেকে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।