বাল্টিক সাগরে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের খুব কাছে এসে ছবি তুলেছে দুটি রুশ যুদ্ধবিমান। মঙ্গলবারের এ ঘটনাটিকে সাম্প্রতিক কালের সবচেয়ে আক্রমণাত্মক সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা।
সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান দুটি ১১ বার যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে উড়ে গেছে বলে বুধবার দাবি করেছেন ওই কর্মকর্তা। বিমান দুটি এত নিচ দিয়ে উড়ে গেছে যে তাতে সাগরের পানিতে ঢেউ তৈরি হয় বলে দাবি করেছেন তিনি। তবে বিমান দুটি দৃশ্যমান কোনো অস্ত্র বহন করছিল না বলে জানিয়েছেন তিনি।
ঘটনার আগের দিনও বিমান দুটি ইউএসএস ডোনাল্ড কুক ডেস্ট্রয়ারটির কাছ দিয়ে উড়ে গেছিল বলে জানিয়েছেন তিনি। একটি রুশ কেএ-২৭ হেলিক্স হেলিকপ্টার ডোনাল্ড কুকের চারপাশে সাতবার ঘুরে ঘুরে ছবি তুলেছে বলে দাবি করেন তিনি। লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝে অবস্থিত রুশ ছিটমহল কালিনিনগ্রাদের জলসীমা থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল দাবি করে নাম প্রকাশ না করার শর্তে দেশটির ওই কর্মকর্তা বলেন, 'রেডিওর মাধ্যমে যোগাযোগর চেষ্টা করা হলেও তারা জবাব দেয়নি।'
বুধবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঘটনাটির ছবি ও ভিডিও প্রকাশ করেছে। একটি ছবিতে একটি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ডোনাল্ড কুকের সামনের অংশের খুব কাছে অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে দেখা যায়।
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নে নেতৃত্বাধীন দুই মেরু বিশ্বের সময়কালীন 'শীতল যুদ্ধের' সময় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতো। সাগরে এসব ঘটনা এড়াতে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন নৌবাহিনী প্রধান জন ওয়ার্নার ও সোভিয়েত অ্যাডমিরাল সের্গেই গোর্শকোভের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ওই চুক্তিতে 'আকাশযান বা জাহাজের আশপাশে মহড়া দেওয়া অথবা জাহাজের আশপাশে বিমানশৈলি প্রদর্শন বা কাছাকাছি ক্ষতিকর বস্তু নিক্ষেপ করা' নিষিদ্ধ করা হয়েছিল। হোয়াইট হাউসের মুখপাত্র জন আর্নেস্ট ঘটনাটিকে 'আন্তর্জাতিক জলসীমায় ও আন্তর্জাতিক আকাশসীমায় পরস্পরের কাছাকাছি তৎপরতা চালানোর পেশাদার সামরিক রীতির সঙ্গে' অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন।
১১ এপ্রিল ইউএসএস ডোনাল্ড কুক পোল্যান্ডের গদিনিয়া শহরের বন্দর পরিদর্শন শেষে বাল্টিক সাগর ধরে এগিয়ে যাওয়ার সময় ঘটনাগুলো ঘটে। এ সময় জাহাজটিতে পোল্যান্ডের একটি হেলিকপ্টারও ছিল। বিডি নিউজ।