ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাছেন সরদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সেমানাপুর ইউনিয়নের রংরায়েরকান্দী গ্রামে উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার পক্ষের লোকজনের সঙ্গে সোনাপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোল্যার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ফরিদপুর-ময়েনদিয়া সড়কের রংরায়েরকান্দী এলাকায় একটি বাস থেকে নামতে গিয়ে এক ব্যাক্তি আহত হয়। এরপর বাবু মোল্যার পক্ষের ভ্যানচালক হাছেনসহ স্থানীয়রা ওই বাসটিকে আটক করার চেষ্টা করে। এ সময় বাস সংশ্লিষ্টদের পক্ষ নিয়ে প্রতিপক্ষ জাফর মোল্যার কিছু লোকজন হাছেনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হন। আহতদের ফরিদপুর সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, এলাকার পরিবেশ এখন শান্ত। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।