কিস্তিতে পাওয়া যায় বাড়ি-গাড়ি বা ফ্রিজ-টিভি। স্মার্টফোনও বিক্রি হয় কিস্তিতে। তবে এ যাবত আইফোন কিস্তিতে বিক্রির খবর পাওয়া যায়নি। এবার তাও মিলবে কিস্তিতে। সেটাও যথেষ্ট সস্তায়। আইফোন নির্মাতা অ্যাপল এমন অভিনব অফার নিয়ে হাজির হতে যাচ্ছে ভারতীয় স্মার্টফোন বাজারে। খবর- ৯টু৫ ম্যাকের।
তবে সবাই এই সুযোগ পাবেন না। কর্পোরেট সেক্টরে যারা চাকরি করেন, কেবল তারাই এই সুযোগ পাবেন।
সূত্রের খবরে প্রকাশ, ইতোমধ্যে ভারতের বেশ কয়েকটি প্রথমসারির সংবাদপত্রে কিস্তিতে আইফোন বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে অ্যাপল। বিজ্ঞাপন অনুযায়ী, আইফোন-এর সর্বশেষ মডেল ‘আইফোন এসই’ দু’বছরের জন্য মাসিক ৯৯৯ রুপিতে লিজ নেওয়া যাবে।
শুধু এই মডেলটিই নয়, ‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬এস’ মডেল দু’টিও যথাক্রমে মাসিক ১ হাজার ১৯৯ রুপি এবং ১ হাজার ৩৯৯ রুপির বিনিময়ে দু’বছরের জন্য লিজ নেওয়া যাবে। এমনকি, ইচ্ছা করলেই দু’বছরের মধ্যে পছন্দ অনুযায়ী লিজ নেওয়া মডেলটি পাল্টেও নেওয়া যাবে। ভারতীয় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমেই এই অফার দেবে অ্যাপেল।
বাজার বিশেষজ্ঞদের মতে, ৮ এপ্রিল আইফোনের নতুন মডেল এসই ভারতে উন্মোচন করে অ্যাপল। কিন্তু এর দাম ৩৯ হাজার রুপি হওয়ার কারণে কাটতি সেরকম নেই বললেই চলে। তাই ভারতীয় বাজার ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছে অ্যাপল।