নারায়ণগঞ্জে ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয় ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে।
আটকরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সেনেরহাট গ্যারাঙ্গিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), কক্সবাজারের টেকনাফ জেলার মৌলভিপাড়া গ্রামের শাহ আলমের ছেলে শাহ জাহান (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং উত্তর নয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোহাম্মদ হারুন (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সাইনবোর্ড এসে নেমে সিএনজিতে উঠে মাদক ব্যবসায়ী ফোরকান উদ্দিন। পরে তার সঙ্গের আরও দুইজন আগে থেকে জালকুড়িতে অবস্থান করে। সেখান থেকে মাদকের চালানটি জালকুড়ির এক মাদক ব্যবসায়ীর কাছে ডেলিভারি দেয়ার কথা।