পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৬ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাহার ইউনিয়নের বালাপাড়ায় এ ঘটনা ঘটে। এরা হলেন, দীলিপ চন্দ্র রায় (৩৬), ফনিভূসন (৪০), বিমল (৫৫), রেখা রানী (৪০), রিমন রায় (১০), মুকুল রায় (১৩), বাবুল রায় (৪০), মেয়ের বাবা স্বশোধর রায় (৪৫), মেয়ের মা আরতি রানী (৪০), নীরব (৫), পাত্র আপন রায় (২৯)। আশংকাজনক অবস্থায় কনের দাদু তৈলক্ষ্য রায়কে (৭৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধায় নীলফামারী সদর উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার সুরেন্দ্র নাথ রায়ের ছেলে আপন রায় বিয়ের কনে দেখতে ১২ জন আত্মীয়-স্বজনসহ দেবীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকার সশোধর রায়ের বাড়িতে যায়।
অতিথি আপ্যায়নে চিড়া দইসহ চায়ের আয়োজন ছিল। আপ্যায়নের ১৫ মিনিটের মাথায় অতিথিরা বমি করতে থাকেন। তাদের বুক ও গলা জলতে থাকে। মুহূর্তেই বর-কনে উভয় পক্ষের মোট ২৬ জন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শী জাকিরুল ইসলাম সুইডেন জানান, অসুস্থদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হয়েছে উল্লেখ করে বলেন, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এখনো কিছু বলা যাচ্ছে না।
সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।