নওগাঁর রাণীনগরে ডাকাতির ঘটনায় থানা পুলিশ আরো দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে লুট হওয়া মাল উদ্ধার করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, গত ৩ এপ্রিল উপজেলার হামিদপুর গ্রামে সুবল চন্দ্র নামের এক চিকিৎসকের বাড়ির দরজা-জানালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সুবল চন্দ্র বাদী হয়ে গত ৪ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার ওসি আব্দুল লতিফ খানের সার্বিক তত্ত্বাবধায়নে এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় এসআই শফিকুর রহমানের নেতৃত্বে গত ১১ এপ্রিল ওই এলাকার ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে।
এরপর গত ১৩ এপ্রিল থানা পুলিশ অভিযান চালিয়ে হামিদপুর সাহা পাড়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আশরাফ (৫০) ও এলাকার ধনপাড়া গ্রামের কালুর ছেলে নজরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতার নজরুল ইসলামের দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে হামিদপুর গ্রামের বাবু মন্ডলের বাড়ী থেকে ডাকাতির ৫ হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করলে তারা প্রত্যেকেই ডাকাতরি সাথে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করেছে বলে এসআই শফিকুর রহমান জানান।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, আমরা ডাকাতির মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডাকাতদের আটক করে কিছু মালা-মাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। সন্ত্রাসী যে দলেরই হউক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হয় সে জেলে থাকবে, না হয় এলাকা ছেড়ে পালিয়ে থাকবে। কোন ছাড় দেয়া হবে না। তাছাড়া লুট হওয়া বাকী মালা-মাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।