গাড়ির তেল চুরির অপরাধে বাংলাদেশ বিমানের দুই কর্মী ও জেট এয়ারের এক গাড়ি চালককে এক বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- মুসফিক, সাজেদুল ও আবু খালেক। এদের মধ্যে খালেক জেটএয়ারের গাড়িচালক, বাকি দুজন বিমানকর্মী।
শুক্রবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন জানান। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সামনে তেল চুরির কথা স্বীকার করায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।’
এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের বিভিন্ন গাড়ির তেল চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন ম্যাজিস্ট্রেট।