জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, 'এ বছরের নভেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।'
শুক্রবার বিকেলে কারমাইকেল কলেজ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় উপাচার্য হারুন-অর-রশিদ সভাপতির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগের সকল কলেজ অধ্যক্ষদের সঙ্গে 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন' বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন কলেজের ২২০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রফেসর অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ সরোয়ার মানিক, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ রাশেদা খাতুনসহ ২৮ জন সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন। সভার শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় হারুন-অর-রশিদ বলেন, 'নভেম্বর মাসে আমাদের সমাবর্তন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য কনভোকেশন রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। আশা করছি, এটি হবে দেশের মধ্যে সর্ববৃহত্তম ও ব্যতিক্রমধর্মী সমাবর্তন। তবে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের গ্র্যাজুয়েটস্ তৈরি করতে কলেজসমূহে শিক্ষার মানোন্নয়নই এখন আমাদের অগ্রাধিকার এবং এ লক্ষ্য অর্জনে সকলকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।।'
সেশনজট মোকাবেলায় বিশেষ একাডেমিক প্রোগ্রাম হাতে নিয়েছে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 'দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় হবে সেশনজট মুক্ত। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়ন। এ জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি। কলেজসমূহের পারফরমেন্স মান নির্ণয়ে র্যাংকিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই এর ফল ঘোষণা করা হবে।'