রাজধানীর মিরপুরে রান্নাঘরের গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। শাহানা আক্তার নামের ২৯ বছর বয়সী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার বিকালে মিরপুর-১২ নম্বরের ডি ব্লকের একটি ছয়তলার ভবনের তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। শাহানার স্বামী রনির বরাত দিয়ে মোজাম্মেল বলেন, ‘মনে হচ্ছে, লাইনে ছিদ্র থাকায় গ্যাস জমে ছিল। শাহানা চুলা ধরাতে গেলে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। তাকে বাঁচাতে গিয়ে রনিও সামান্য আহত হন।’
রনিই পরে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শাহানার শরীরের প্রায় ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, ‘শাহানার বাবা-মা ও বোন হাসপাতালে এসেছেন। তারাও দুর্ঘটনার কথাই বলেছেন।’