গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী শ্বশুর-শ্বাশুড়ি আটক

 
গাজীপুর মহানগরীর হাতিয়াবহ এলাকা থেকে শুক্রবার দুপুরে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও হাটুর নীচে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবদুর রহিম, শ্বশুর মো. ইব্রাহীম ও শ্বাশুড়ি তাছলিমা বেগমকে আটক করেছে পুলিশ।
 
নিহত শারমিন গাজীপুর নগরীর বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার মৃত দুলাল মিয়ার মেয়ে। জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন জানান, চার বছর আগে রহিমের সাথে শারমিনের বিয়ে হয়। সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থকে রহিম যৌতুকের জন্যে স্ত্রীকে প্রায়ই মারধর করত। শুক্রবার সকালে রহিম তাকে বেধড়ক মারধর করে। এলাকা বাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুর একটার দিকে ঘরের মেঝে থেকে শারমিনের লাশ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান, বাড়িতে গেলে রহিমের পরিবার দাবি করে মারধরের কারণে অভিমানে শারমিন আত্মহত্যা করেছে। গলায় কাপড়ের টুকরা বেধে ঘরের ধন্যার সাথে ঝুলতে দেখে নামিয়ে তারা দেখতে পান শারমিনের মৃত্যু হয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে ওই তিনজনকে আটক করা হয়েছে।