সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার দেবীশহর ফুটবল মাঠের সামনে কালীগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম সাদিয়া পারভিন (০৯)। সে দেবীশহর গ্রামের গফুর গাজীর মেয়ে ও গাজীরহাট শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী । এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও এর ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিয়া ও তার বোন শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী এলাকায় একজন মানুষের কুলখানি অনুষ্ঠানে খাওয়ার জন্য যাচ্ছিলো। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি ট্রাক (যশোর ড ১১-১০০২ নম্বর ) সাদিয়াকে চাপা দেয়। এতে শিশু সাদিয়া ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
দেবহাটা থানার এসআই হারাধন জানান, শিশুটি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শিশুটির লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।