কে সিরিজের সাশ্রয়ী দুই ফোন আনল এলজি

কে সিরিজের স্মার্টফোন কে৭ ও কে১০ উন্মোচন করেছে এলজি। ফোন দুটি বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। কে৭ এর দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০০ রুপি এবং কে১০ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ফোন দুটির দাম যথাক্রমে ১১ হাজার ১৯৭ টাকা এবং ১৫ হাজার ৯১১ টাকা।
 
গ্লসি ফিনিস বডি এবং টুডি কার্ভড গ্লাসের এই ফোন দুটির ডিজাইন স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়বে বলেই বিশ্বাস নির্মাতা প্রতিষ্ঠানের।
 
এলজি কে৭ স্মার্টফোনটিতে ৪৮০×৮৫৪ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে ১.১ গিগাহার্জের কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট প্রসেসর জুড়ে দেয়া হয়েছে।
 
ডিভাইসটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
 
ফোনটিতে ২১২৫ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 
এলজি কে১০ স্মার্টফোনটিতে ৭২০×১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এর ডিসপ্লের সুবিধার জন্য জুড়ে দেওয়া হয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস। প্রসেসর হিসেবে ফোনটিতে ১.২ গিগাহার্জের  স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াডকোর ব্যবহার করা হয়েছে।
 
ফোনটিতে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারন্যাল মেমোরি রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ২৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।