উইন্ডোজ ১০ চালিত সাশ্রয়ী ফোন আনল এসার

স্মার্টফোনের বাজারে উপস্থিতি বাড়াতে কাজ করছে প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এসার। এরই ধারাবাহিকতায় লিকুইড এম৩৩৩ নামে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি।
 
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯.৯৯ ডলার। আপাতত ফোনটি পাওয়া যাবে কেবল মাইক্রোসফট স্টোর ও অনলাইন স্টোরে।
 
ফোনটিতে ৮৫৪*৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৪.৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১.২ গিগাহার্জ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ ব্যবহার করা হয়েছে।
 
১ জিবি র‍্যামের এই ফোনে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও অনেক বাড়ানো যাবে।
 
ডিভাইসটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও সেলফি ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে। এতে ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ফোনটি ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, এলটিই, ব্লুটুথ ও জিপিএস সমর্থন করবে। খবর- টাইমস অব ইন্ডিয়ার।