রায়পুরায় বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়নের বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রতীক বরাদ্দের আগেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। এতে করে তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৭ মে অনুষ্ঠিত হবে উপজেলার ২৪  ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের যাচাই বাছাই পর্ব। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ১৮ এপ্রিল এবং প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে ১৯ এপ্রিল। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবে না। কিন্তু রায়পুরা উপজেলা ঘটছে এর  ব্যতিক্রম। ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীসহ অধিকাংশ প্রার্থীরাই তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। দলীয় সমর্থিত প্রতীক ব্যবহার করে ফেসবুক ছাড়াও প্রকাশ্যে পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছেন প্রায় সবকটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত প্রার্থীরা। যে কারণে এসব প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ উঠেছে।
 
এদিকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু বৈশাখী মেলা উপলক্ষ্যে গত কয়েক দিন ধরে এলাকায় অবস্থান করলেও তার এ অবস্থানকে ভিন্ন চোখে দেখছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যতীত অন্য প্রার্থীরা। এ নিয়ে গত কয়েক দিন ধরে ২৪ ইউনিয়নের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
 
রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দিন সিকদার বলেন, ‘নির্বাচনী আচরন বিধি লঙ্গনের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’