এখন থেকে ইয়াহুর মেইল অ্যাপে একাধিক মেইলবক্স চালাতে পারবেন ব্যবহারকারীরা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার থেকে এ সুবিধা চালু করেছে।
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এক খবরে জানিয়েছে, নতুন সেবাটি চালু হওয়ায় এর মাধ্যমে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সহজেই যে কোনো ফাইল পাঠানো যাবে।
ইয়াহুর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন গুগল ড্রাইভ ও ড্রপবক্স থেকে যে কোনো নতুন ফাইলে দ্রুতগতিতে প্রবেশ করা যাবে। শুধু ফাইলই নয়; ছবি বা গুরুত্বপূর্ণ কোনো প্রেজেন্টেশনও পাঠানো যাবে। এমনকি, পাঠানো যাবে ছবির গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট (জিআইএফ), তাও ইয়াহু মেইল অ্যাপে নতুন কোনো মেইল লেখার সময়ও।
ওই বিবৃতিতে ইয়াহু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা ‘লাভ’, ‘লোল’, ‘কিউট’, ‘চিয়ার্স’, ‘ফেইল’, ‘হ্যাপি’র মতো ক্যাটাগরি থেকে উপযুক্ত জিআইএফটি বেছে নিতে পারবেন।
ইয়াহু মেইল অ্যাপটির আধুনিক সংস্করণ আইওএস (৪.৩) ও অ্যান্ড্রয়েড (৫.৪)-সংবলিত যেকোনো ডিভাইসে মিলবে।