স্বরূপকাঠিতে যুবককে পিটিয়ে হত্যা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় জসিমউদ্দিন পলাশ (৩০) নামে এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।
 
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জসিমউদ্দন পলাশ পার্শ্ববর্তী সমুদয়কাঠি ইউনিয়নের দূর্গাকাঠি গ্রামের আমীর হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই শিমুল হাওলাদারের অভিযোগ, জসিমউদ্দিন পূর্ব জলাবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিল। এ সময় জলাবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশীষ বড়ালের সন্ত্রাসী বাহিনীর দুই সদস্য পলাশকে স্থানীয় একটি বিদ্যালয়ের ভেতর ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার পর পাশ একটি কালভার্টের কাছে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
 
স্থানীয় কয়েকজন জানায়, পলাশ এক সময় আশীষের অনুগত ছিল। সম্প্রত তিনি ইউপি নির্বাচনের সময় আশীষের বিরুদ্ধাচরণ করলে উভয়ের মধ্যে বৈরিতার সৃষ্টি হয়।
 
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে অসবে।