বায়োমেট্রিক পদ্ধতিতে প্রতিটি সিম নিবন্ধনে কোম্পানিগুলোর কাছে নূন্যতম ৫০ টাকা কমিশনসহ আট দাবি জানিয়েছে বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যান্ড মোবাইল ব্যাংকিং ব্যবসায়িক অ্যাসোসিয়েশন। অন্যথায় অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দেবে সংগঠনটি।
শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানায়।
সংবাদ সম্মেলন থেকে আরো যে সাতটি দাবি তুলে ধরা হয় তা হলো- রিচার্জে প্রতি হাজারে ১০০ টাকা প্রদান, শুধুমাত্র মোবাইল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট দোকানেই রিচার্জ সিম প্রদান, রিচার্জ সিমে কোম্পানিগুলো কর্তৃক বাধ্যতামূলক স্টক ব্যালেন্স রাখার নিয়ম প্রত্যাহার, দ্রুত সময়ের মধ্যে সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্টেদেরকে ক্ষতিপূরণ প্রদান, এজেন্ট নাম্বার হ্যাকিং বা ক্লোনিং কলের মাধ্যমে এজেন্টের অর্থ আত্মসাৎ হলে কোম্পানিগুলোকে দ্রুত ফেরত প্রদানের ব্যবস্থা করা, যেকোন ধরণের আর্থিক দূর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে এজেন্ট সিমগুলোকে কোম্পানি কর্তৃক বীমা সুবিধার আওতায় আনা এবং টেলি রিচার্জ ব্যবসায়ীদের বিশেষ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলন থেকে আগামী সাত দিনের মধ্যে টেলি কোম্পানিগুলোকে এই দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানায় বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যান্ড মোবাইল ব্যাংকিং ব্যবসায়িক অ্যাসোসিয়েশন। তা না হলে দোকানবন্ধসহ লাগাতার অবরোধের মতো কর্মসূচি দেয়ার ঘোষণা দেবে সংগঠনটি।