নোয়াখালীর চাটখিল উপজেলায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সন্ত্রাসমুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
শনিবার সকালে জেলার আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে চাটখিল-সোনাইমুড়ী সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণাকালে চাটখিলের সাহাপুর, রামনারায়ণপুর, পোরকোট, বদলকোর্ট, মোহাম্মদপুর, পাঁচগাও ও নোয়াখলা ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মারধর, প্রচারণায় বাধা, মাইক, গাড়ি ভাঙচুর এবং এজেন্ট ও নেতা-কর্মীদের হুমকি-ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা।
তিনি আরো অভিযোগ করেন, শুক্রবার মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গেলে তিনি সেখানে আওয়ামী লীগ সমর্থিতদের বাধার সম্মুখীন হন। প্রতিটি ইউনিয়নে নির্বাচনবিধি লঙ্ঘণের অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। এমনকি পুলিশ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে গ্রেফতার করারও হুমকি দেয়া হচ্ছে।
এতে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। বিএনপি নেতা বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম, সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবদুর রহমান, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট বাহার উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহমেদ ও ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও নোয়াখালী জেলা সভাপতি নুরুল আমিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।