চোরাচালানীদের হামলায় বেনাপোলে বিজিবি সদস্য আহত

বেনাপোল সীমান্তে চোরাচালানীদের হামলায় বিজিবি'র এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০-১২ জনের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পোর্ট থানার সাদীপু গ্রামের লেবুতলা সীমান্তে এই হামলার ঘটনা ঘটে। 
 
ঘটনাস্থল থেকে চোরাচালানীদের ফেলা যাওয়া ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।  
 
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শিশির জানান,  শুক্রবার রাতে একদল চোরাচালানী ভারত থেকে মাদক নিয়ে সাদিপুর গ্রামের লেবুতলা পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া দিলে তারা দলবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপর ইট পাথর ছুড়তে থাকে। এক পর্যায়ে ইটের আঘাতে ওই পোস্টের নায়েক মোমিন (৪৫) গুরুতর জখম হন। এ সময় তার সঙ্গে থাকা অন্য বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। তার শরীরে ৬টি সেলাই দেয়া হয়েছে। মোমিনের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। 
 
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বিজিবি‘র পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।