সঞ্জয় দত্তের বাড়িতে চলা পার্টি পণ্ড করল পুলিশ

 
সঞ্জয় দত্তের বাড়িতে চলা এক পার্টি পণ্ড করে দিল ভারতের পালি হিল পুলিশ। 'মুন্না ভাই' খ্যাত এই অভিনেতা এখন প্রায়ই মেতে থাকেন পার্টি নিয়ে। আর তার পার্টি নিয়ে বেশ বিরক্ত প্রতিবেশী এক ডাক্তার দম্পতি। তাদের অভিযোগের ভিত্তিতেই সঞ্জয়ের পার্টি পণ্ড করে দেয় পুলিশ।
 
গত ফেব্রুয়ারিতে জেল থেকে মুক্তি পাওয়ার পর বেশ আয়েশি জীবনযাপন করছেন সঞ্জয়। নিকটজনদের নিয়ে প্রায়ই মেতে থাকছেন কোনো না কোনো পার্টিতে। সম্প্রতি সঞ্জয় এবং তার স্ত্রী মান্যতা তাদের পালি হিল বাসভবনে একটি পার্টির আয়োজন করেন। পার্টিতে উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু রাত ২টা ছাড়িয়ে পার্টি চলতে থাকলে গানের শব্দে ঘুম হারাম হয়ে যায় তার পাশের ফ্ল্যাটের ডাক্তার দম্পতি ডা. ছায়া শুক্লা এবং ডা. অমিতাভ শুক্লার। বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত হন তারা। শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করে এই ডাক্তার দম্পতি। খবর পেয়ে ভোর ৪টায় পুলিশ এসে পার্টি বন্ধ করে দেয়।
 
ড. অমিতাভ জানান, জেলে যাওয়ার আগেও এই ধরণের কাজ করেছেন সঞ্জয়। জেল থেকে ফিরেও এই স্বভাবটি পরিবর্তন করতে পারেননি এ অভিনেতা। এ বিষয়ে সঞ্জয়কে একটি চিঠি পাঠাবেন বলে ভাবছেন তিনি। ড. অমিতাভ আরো জানান, তারকাদের প্রতিবেশীদের বিষয়ে এমন উদাসীনতায় পালি হিল রেসিডেন্টে প্রায়ই লক্ষ্য করা যায়। তারকাদের প্রতিবেশীদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো বুঝে অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করা উচিৎ।