গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে বুধবার খোকন (১০) নামে এক শিশুকে পাওয়া গেছে।
উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর এলাকার মোনাব্বর হোসেন মুন্নুর ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুর রহমান (১৭) তাকে স্টেশন থেকে বাড়িতে নিয়ে যায়। শনিবার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় নিয়ে যায়। বর্তমানে শিশুটি কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
ছেলেটি জানায়, তার নাম সাঈদ হোসেন খোকন। সে কক্সবাজার সদর উপজেলার বাহাদছড়া ইউনিয়নের বাহাদছড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। মায়ের নাম হামিদা বেগম। তবে তার বাবা আছে কিনা জানতে চাইলে সে জানায়, তার মা বলেছে তার বাবা মৃত। সে কক্সবাজার থেকে বাসে চট্টগ্রাম এসে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উঠে কমলাপুরে যাচ্ছিল কাজ করার জন্য। শিশু খোকন এখন তার মায়ের কাছে ফিরতে চায়।
মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুর রহমান জানান, সেদিন তিনি নরসিংদী মাদ্রাসা থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে করে নিজ বাড়ি কালীগঞ্জে আসছিল। ট্রেনে ১০ বছরের একটি শিশু ছেলে ক্ষুধার জ্বালায় তার পাশের সিটে বসে কাঁদছিল। তিনি ছেলেটিকে কিছু শুকনো খাবার কিনে দেয়। পরে আব্দুর রহমানের গন্তব্যে ট্রেন পৌঁছলে তিনি নেমে যায়। সঙ্গে ছেলেটিও তার পিছু নেয়। পরে সে ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়। শনিবার তাকে কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আমরা কক্সবাজার সদর থানায় যোগাযোগ করেছি। শিশুটির অভিভাকদের পাওয়া গেলে তাদের কাছে তাকে ফিরিয়ে দেয়া হবে।