ভারতের অন্যতম বৃহৎ মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংফিশারের মালিক বিজয় মাল্যের কূটনৈতিক পাসপোর্ট সাময়িকভাবে বাতিল করেছে ভারত সরকার। একটি তদন্ত কমিটির সামনে হাজির হতে ব্যর্থ হওয়ায় তার পাসপোর্ট বাতিল করা হয়।
মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করতে বিজয় মাল্যকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির এনফোর্সমেন্ট কমিটি। পর পর তিন বার সময় বাড়ানো হলেও হাজির হননি বহুল আলোচিত এই ব্যবসায়ী। বিপুল অঙ্কের ঋণের বোঝা নিয়ে ব্রিটেনে পালিয়ে গেছেন মাল্য।
ভারতের গণমাধ্যমের খবরে প্রকাশ, বর্তমানে লন্ডনে আত্মগোপন করে রয়েছেন মাল্য। তবে পালিয়ে যাওয়া বা আত্মগোপনের কথা অস্বীকার করে তিনি বলেছেন, নিজের পরিবারের কাছাকাছি থাকতেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
২০১৩ সালে তার এয়ারলাইন্স ব্যবসা ধসে যাওয়ার পর তার প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয় তার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার সপ্তাহের জন্য বিজয় মাল্যের পাসপোর্ট অকার্যকর করা হয়েছে। পাসপোর্ট কেন বাতিল করা হবে না তা এক সপ্তাহের মধ্যে মাল্যকে জানাতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: বিবিসি