জোড়-বিজোড় গাড়ি নিয়ে বিবাদে কেজরিওয়াল-বিজেপি

 
দিল্লির রাস্তায় দ্বিতীয় দফায় নির্দিষ্ট দিনগুলোতে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর পরিকল্পনা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি।
 
কেজরিওয়ালের ওই পরিকল্পনার প্রতিবাদে দিল্লিতে গত সোমবার ইউনিয়নের পক্ষ থেকে অটো ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। এরপর টুইটারে এক বার্তায় এই ধর্মঘটের জন্য বিজেপিকে দায়ী করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি সংবাদপত্রের বেশ কিছু কাটিং এবং টুইট বার্তা পোস্ট করেন, যা ধর্মঘটের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে।
 
দিল্লি বিজেপির প্রধান বিজয় গোয়েল শনিবার কেজরিওয়ালের এসব কর্মকাণ্ডকে লোক দেখানো প্রচারণা বলে পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল জনগণের ট্যাক্সের টাকা শুধুমাত্র প্রচারণার জন্য ব্যয় করতে চান এবং তিনি দূষণ এবং ট্রাফিক কমাতে আগ্রহী নন’।
 
জোড়-বিজোড় পরিকল্পনার পোস্টারে হাস্যরত কেজরিওয়ালের ছবির সমালোচনা করে বিজেপির ওই নেতা বলেন, শুধুমাত্র প্রতিবাদস্বরূপ তিনি এই নিয়ম ভঙ্গ করবেন।
 
উল্লেখ্য, আগামী ১৫ দিনের জন্য দ্বিতীয় দফায় জোড়-বিজোড় গাড়ি চালানো চালু রাখার পদ্ধতিটি শুক্রবার শুরু হয়েছে। সূত্র: এনডিটিভি