নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে এক মাসের ব্যবধানে লাফিয়ে পড়ে শামীমা নাসরিন ওরফে আশামনি (২৩) নামের আরো এক ছাত্রী মারা গেছেন।
শনিবার বিকেল ৬টায় ঐ সেতু থেকে আশামনি কীর্তনখোলা নদীতে লাফিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশামনি রূপাতলী এলাকার সোহাগ ভিলার ভাড়াটিয়া পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার এনামুল হকের কন্যা।
সে নগরীর চাঁদমারীর অ্যাডভান্স ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর শিক্ষার্থী ছিল।
কোতোয়ালী পুলিশ জানায়, কীর্তনখোলা নদীতে লাফিয়ে পড়ার পর সেখানে থাকা বালুবাহী একটি জাহাজ আশামনিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসে।
আশামনির স্বামী মো. মামুন ঢাকায় তিতাস গ্যাস কোম্পনীতে চাকরী করেন। দীর্ঘ দিন ধরে তিনি বরিশালে আসেন না। দাম্পত্য কলহের কারনেই আশামনি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত: গত মাসে ঐ সেতু থেকে বিএসটিআইর এক ছাত্রী লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। ঐ ছাত্রীর লাশ তিন দিন পর কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করা হয়েছিল।