ব্যক্তিগত ভাবমূর্তির সঙ্কট, পড়াশুনা আর কাজ সংক্রান্ত চাপ এবং পরিবার ও পরিচিতদের আচরণের চাপ শহুরে তরুণ-তরুণীদের জীবন বিষিয়ে তুলছে। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, মুম্বাই শহরের ৫৮ শতাংশ এবং বেঙ্গালুরের ৫২ শতাংশ তরুণ-তরুণী অতীতে আত্মহত্যার করার কথা ভেবেছ। আর চেন্নাইয়ে এই হার ৩২ শতাংশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঐ তিন শহরে ১৪ থেকে ২৪ বছর বয়সী এক হাজার ৯০০ জনের ওপর পরিচালিত মানসিক স্বাস্থ্য জরিপে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্যে মুম্বাইয়ের ৪২ শতাংশ, বেঙ্গালুরের ৪০ শতাংশ এবং চেন্নাইয়ের ৪১ শতাংশ আত্মহত্যার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন।
জরিপে ৭৫০ জনের মধ্যে ৬৫ শতাংশ বলেছে, তাদের প্রধান সমস্যা পরিবারের প্রত্যাশা এবং কাজ আর পড়াশুনার চাপ।
জরিপে আরো দেখা যাচ্ছে, যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে মুম্বাইয়ের ২৮ শতাংশ, বেঙ্গালুরের ২৫ শতাংশ এবং চেন্নাইয়ের ২৫ শতাংশ বিষণ্নতা থেকে মাদকাসক্ত হয়ে পড়েছে। বাকিরা ধূমপান, অতিভোজন অথবা কেনাকাটার দিকে ঝুঁকেছেন।
গত মার্চে এই জরিপ পরিচালনা করেছে পোদার ইনস্টিটিউট অব এডুকেশন। সংস্থাটির সভাপতি সতী পপাট ভাটস বলছেন, ছেলে-মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যে হারে বাড়ছে এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়।