১২ শরণার্থী নিয়ে লেসবস দ্বীপ থেকে ফিরলেন পোপ

ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস গ্রিসের লেসবস দ্বীপের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সেখান থেকে ফেরার সময়ে ১২ জন সিরীয় মুসলমান শরণার্থীকে নিজের সঙ্গে করে ভ্যাটিকান নিয়ে গেছেন পোপ।
 
লেসবস দ্বীপে সফরের সময় তিনি অভিবাসন প্রত্যাশীদের প্রতি ইউরোপের আচরণের তিরস্কার করেন। শরণার্থীদের শিবিরে পাঁচ ঘণ্টা ছিলেন পোপ ফ্রান্সিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় শরণার্থী সমস্যায় পড়েছে ইউরোপ। গত বছর ১১ লাখ অভিবাসন প্রত্যাশী যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছেছে। 
 
অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে সম্প্রতি ইউরোপের অনেক দেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। ৫০ হাজারের মতো অভিবাসন প্রত্যাশী আটকে আছে গ্রিসে। গতকাল লেসবস দ্বীপের শরণার্থী কেন্দ্রে পৌঁছে পোপ ফ্রান্সিস বলেন, আজ আপনাদের সঙ্গে আমি থাকতে এসেছি, আপনারা আর একা নন। তরুণরা পোপের সঙ্গে হাত মেলান। অনেকে পোপের সঙ্গে ছবি তোলেন।
 
ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে মৃত্যু হওয়া অভিবাসন প্রত্যাশীদের স্মরণ করেন পোপ।  জানা গেছে, তুরস্ক থেকে ভূমধ্যসাগর হয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার পথে চার হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে।
 
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো নিয়ে চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী অবৈধ অভিবাসন প্রত্যাশীদের গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এমন চুক্তির মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের থেকে ইউরোপের মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। বিবিসি ও ইন্ডিপেন্ডেন্ট।