হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা (সাবেক) হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করেছেন খালেদা জিয়া। রবিবার সকালে খালেদা জিয়া আদালতে উপস্থিতিতে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন।
 
পরে পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের ওপর প্রথমে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী শুনানি করেন। 
 
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল শুনানি করছেন।
 
এর আগে রবিবার সকাল সাড়ে ১০ টায় তিনি আদালতে উপস্থিত হন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু ওই দিন আদালতে হাজির হননি তিনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
 
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
 
জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
 
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।